দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২
দিনাজপুর শহরের পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত দুই পুলিশ কর্মকর্তা মোটরসাইকেলে দশমাইল যাচ্ছিলেন।
দিনাজপুর পৃথক সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক পুলিশ কর্মকর্তাসহ চার জন।
বৃহস্পতিবার বিকালে দিনাজপুর-রংপুর সড়কে ও সকালে ফুলবাড়ী থানার বিরামপুর-ফুলবাড়ী সড়কে দুর্ঘটনা দুইটি ঘটে।
কোতয়ালী থানার ওসি ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে দিনাজপুর-রংপুর সড়কের নশিপুর এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে পুলিশের এএসআই মমতাজ আলী নিহত হন।
গুরুতর আহত হন মোটরসাইকেলটির চালক এএসআই আব্দুল জলিল।
ওসি আরও জানান, দিনাজপুর শহরের পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত এই দুই পুলিশ কর্মকর্তা মোটরসাইকেলে দশমাইল যাচ্ছিলেন। নশিপুর এলাকায় অজ্ঞাত একটি ট্রাক পিছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মমতাজ আলী নিহত হন। গুরুতর আহত আব্দুল জলিলকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ফুলবাড়ী থানার ওসি মোস্তফিজুর রহমান জানান- একই দিন সকালে দিনাজপুরের বিরামপুর থেকে ফুলবাড়ী অভিমুখী ওষুধ বহনকারী একটি পিকআপ বারোকোনা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী ব্যাটারিচালিত ইজিভ্যানকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী সামসুল হক (৭০) নিহত হন। আহত হন তিনজন ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর পিকআপ চালক ও সহযোগী পালিয়ে গেলেও পিকআপটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
