১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

করোনাভাইরাস: খুলনায় তিন বছর পর একজনের মৃত্যু

খুলনায় সবশেষ করোনাভাইরাসে মৃত্যু হয়েছিল ২০২২ সালের মাঝামাঝি সময়ে।

করোনাভাইরাস: খুলনায় তিন বছর পর একজনের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 05:33 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

প্রায় তিন বছর পর খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও কোভিড ইউনিটের ফোকাল পারসন খান আহমেদ ইশতিয়াক জানান।

খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা মৃত ২৫ বছর বয়সী দীপ রায় আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন বলে ওই চিকিৎসক জানিয়েছেন।     

জেলা সিভিল সার্জনের দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, খুলনায় সবশেষ ২০২২ সালের মাঝামাঝি সময়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিল। জেলায় এ বছর ১৭ জুন প্রথমবারের মতো দুই নারীর শরীরে এ ভাইরাস শনাক্ত হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন খান আহমেদ ইশতিয়াক বলছেন, চলতি বছর তাদের কোভিড ইউনিটে ১০ জন রোগী ভর্তি হয়েছিল। আট জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। মারা গেছেন একজন। চিকিৎসাধীন রয়েছেন একজন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালকের কার্যালয় থেকে পাওয়া তথ্য বলছে, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগটির ১০ জেলায় ১৬টি নমুনা পরীক্ষা করা হয়। তবে এ সময়ে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।