Published : 02 May 2026, 04:16 PM
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একটি বাসা থেকে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি বাসার তিনতলা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম।
মারা যাওয়া মেহেরুন্নেছা উর্মি (২৮) কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তারা দুই সন্তানকে নিয়ে পশ্চিম বাদুরতলী গ্রামের ওই ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানায়, প্রায় ৮ মাস আগে তারা ওই বাসাটিতে ওঠেন। তবে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো।
ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে বাপ্পী থানা পুলিশকে জানায়, তার স্ত্রী ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ভোররাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওসি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তবে রিপোর্ট হাতে পাওয়ার পর আসল কারণ জানা যাবে।”
তিনি আরও জানান, স্ত্রী মারা যাওয়ায় বাপ্পী মানসিকভাবে ভেঙে পড়েছে তাই তাকে স্বান্তনা দেওয়ার জন্য থানায় রাখা হয়েছে। এছাড়া বাচ্চা দুটিকে পুলিশের পক্ষ থেকে দেখভাল করা হচ্ছে।