সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা নাসিমের নামে পর্যটন কেন্দ্র
চার কোটি টাকা ব্যয়ে মেঘাই নদীবন্দর এলাকায় ছয় দশমিক ৬৭ একর জমির ওপর পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের নামে নির্মিত পর্যটন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে ফিতা কেটে এর ফলক উন্মোচন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
এ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজিত সভায় প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে যমুনাপাড়ে এ পর্যটন কেন্দ্র করা হয়েছে। এখানে দেশ-বিদেশের পর্যটকরা যমুনাপাড়ের অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
মোহাম্মদ নাসিম রাজনীতির পাশাপাশি সরকারের যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন সেখানেই সফলতা এসেছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে ও পর্যটন করপোরেশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক জিয়াউল হক হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় এমপি, রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ও পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার উপস্থিত ছিলেন।
কাজিপুর উপজেলার মেঘাই নদীবন্দর এলাকায় চার কোটি ১৭ লাখ ৬৬ হাজার টাকা ব্যয়ে ছয় দশমিক ৬৭ একর জমির ওপর এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে।
