১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নড়াইলে সয়াবিন তেলের বোতলে ৫ টাকা বেশি, জরিমানা ৫০ হাজার

কিন্তু অভিযানের সময় দেখা যায়, প্রতিটি বোতলে পাঁচ থেকে ১০ টাকা করে বেশি লেখা আছে।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 11:38 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

নড়াইলে সয়াবিন তেলের বোতলের গায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত লেখা থাকায় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আউড়িয়া মোড়ে এ জে কনজ্যুমার প্রোডাক্টস নামে প্রতিষ্ঠানটির পরিচালক জিহাদ উল্লাহ মাসুমকে এ জরিমানা করা হয় বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান জানান। 

ভোক্তা অধিদপ্তর জানায়, সরকার নির্ধারিত খুচরা মূল্য অনুযায়ী আধা লিটার বোতলে ৯৮ টাকা, এক লিটারে ১৯৯ টাকা এবং দুই লিটারে ৩৯৮ টাকা লেখা থাকার কথা। 

কিন্তু অভিযানের সময় দেখা যায়, প্রতিটি বোতলে পাঁচ থেকে ১০ টাকা করে বেশি লেখা আছে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। 

ভোক্তা অধিদপ্তর জানায়, কয়েক মাস আগেও অভিযান চালিয়ে অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।