১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে সংঘাত: প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুম্ম শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2024, 11:49 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

রাঙামাটি ও খাগড়াছড়িতে সংঘাতের জেরে হতাহতের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে প্যারিস রোডে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুম্ম শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীদের ‘পাহাড় থেকে সেনা শাসন, প্রত্যাহার কর, করতে হবে’, ‘সমতল মুক্ত হলে পাহাড় কবে মুক্ত হবে’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, খাগড়াছড়িতে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘রাঙ্গামাটি জ্বলছে কেন প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এর আগে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস রোডে অবস্থান নেয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিজয় চাকমার সঞ্চালনায় সমাবেশে বনজ্যোতি ত্রিপুরা বলেন, “অন্য দেশ থেকে এসে রোহিঙ্গারা যেখানে শান্তিতে আছেন, সেখানে আদিবাসী হয়ে আমরা কেন নিরাপত্তা পাচ্ছি না? সেনাবাহিনীর বিরুদ্ধে না, আমরা সেনাশাসনের বিরুদ্ধে। আমরা যখন রাজপথে নেমেছি, আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

আড়াই শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়।