১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পেটের ভেতরে ২ হাজার ৩০০ ইয়াবা, র‍্যাবের হাতে ‘মাদক কারবারি’

র‌্যাব বলছে, হাসপাতালে চিকিৎসকের পরামর্শে করা এক্স-রে পরীক্ষায় তার পেটে ইয়াবা থাকার প্রমাণ মেলে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 09:46 AM

Updated : 11 Sep 2026, 03:46 PM

পেটের ভেতরে ইয়াবা নিয়ে টেকনাফ থেকে খুলনায় যাওয়ার পথে গোপালগঞ্জের কাশিয়ানীতে এক মাদক কারবারি ধরা পড়েছে বলে জানিয়েছে র‌্যাব। 

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভাটিয়াপাড়া মোড় থেকে তাকে আটকের পর হাসপাতালে নিয়ে তার পেট থেকে ২ হাজার ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয় বলে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানিয়েছেন। 

আটক ব্যক্তির নাম মো. আমিনুল ইসলাম ওরফে রাজু; বয়স ৩৩ বছর। 

র‍্যাবের ভাষ্য, অস্থায়ী চেকপোস্ট বসিয়ে র‍্যাব-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) ও র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুরের যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় খুলনাগামী ‘দোলা পরিবহনের’ একটি বাসে তল্লাশি চালিয়ে আমিনুল ইসলামকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, কক্সবাজারের টেকনাফ থেকে বিশেষ কৌশলে পেটের ভেতরে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বহন করে ঢাকা হয়ে খুলনায় যাচ্ছিলেন। তার স্বীকারোক্তির পর বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের উপস্থিতিতে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষা করলে তার পেটে ইয়াবা থাকার প্রমাণ মেলে। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ওষুধ সেবনের পর কিছু সময়ের মধ্যে মলের সঙ্গে পেটের ভেতর থেকে ২ হাজার ৩০০ ইয়াবা বেরিয়ে আসে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ করে র‍্যাব। 

র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার রেজাউল হক বলেন, “জব্দ করা ইয়াবাসহ আটক মাদক কারবারিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতেও তদন্ত চলছে।”

তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিনব কৌশলে মাদক পরিবহনের চেষ্টা করলেও গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে এসব চক্রকে আইনের আওতায় আনা হচ্ছে।”