০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যশোরে ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

ছোট ভাইয়ের সঙ্গে নদীতে গোসলের এক পর্যায়ে মেয়েটি পানিতে তলিয়ে যায় বলে জানান স্বজনরা।

যশোরে ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
ফাতেমা আক্তার বর্ণা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 08:29 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে গোসল করতে নেমে এক তরুণী নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার দুপুরে উপজেলার নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নওয়াপাড়া নৌ-পুলিশের ওসি রণজিৎ কুমার।

নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা (২৮) উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। তিনি মানিকগঞ্জ জেলার রবিউল ইসলামের স্ত্রী।

স্বজনরা জানান, দুই দিন আগে বর্ণা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন।

বর্ণার ছোট ভাই মেহেদী হাসান বলেন, দুপুর ২টার দিকে তারা ভৈরব নদে গোসল করতে নামেন। এক পর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানিতে তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

নওয়াপাড়া নৌ-পুলিশের ওসি রণজিৎ কুমার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়।

সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বর্ণার কোনও সন্ধান পাওয়া যায়নি; তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।