Published : 17 Dec 2025, 10:25 PM
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক যুবককে গুলির ঘটনা ঘটেছে। হামলাকারীরা মোটরসাইকেলে করে এসেছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
বুধবার সন্ধ্যায় শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম।
গুলিবিদ্ধ মো. সাগর মিয়া (৩২) শহরের ফুলবাড়িয়ার বাসিন্দা আবু সাঈদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের পর খ্রিস্টান মিশন মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন সাগর। এ সময় মোবাইল ফোনে কারো সঙ্গে কথা বলছিলেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ মোটরসাইকেলে কয়েকজন এসে সাগরের ওপর হামলা চালান। এক পর্যায়ে সাগরকে গুলি করা হয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় ভয়ে আশপাশের লোকজন দোকানপাট বন্ধ করেন।
পরে স্থানীয়রা সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়ুন কবীর বলেন, আহতের বুকের বামপাশে এবং ডান পায়ের উরুতে গভীর ক্ষতের চিহ্ন আছে। এর মধ্যে তার বুকের এক্সরে করানো হয়েছে।
ওসি শহীদুল ইসলাম বলেন, প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা করা হচ্ছে।