১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় নারিকেল গাছের নিচে পড়েছিল অটোচালকের লাশ

ওই যুবক ডাব চুরি করতে গাছে উঠার সময় পড়ে গিয়ে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 06:30 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

বগুড়ার শেরপুর উপজেলায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক ডাব চুরি করতে গাছে উঠার সময় পড়ে গিয়ে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। 

বৃহস্পতিবার ভোরে নারিকেল গাছের গোড়ায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানিয়েছেন শেরপুর থানার ওসি ইব্রাহীম হোসেন। 

নিহত সজিব প্রামাণিক (৩৫) শেরপুর পৌরসভার উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। 

নিহতের পালক মা মাসুদা বলেন, বুধবার রাতে আনুমানিক রাত ৩টার দিকে সজিব নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ছিলেন। পরে ভোরে তার মৃত্যুর খবর পান তিনি।

নিহতের ভাই সোহেল রানা বলেন, “রাত ৩টা পর্যন্ত সজিব বাড়িতেই ছিল। সকালে জানতে পারি একই এলাকার আশরাফুল ইসলামের বাড়িতে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে সে পড়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহের পাশে ডাব পাড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখি।”

ওসি ইব্রাহীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।