১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় নিজ বাসায় নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

ধারণা করা হচ্ছে লাশটি একদিন আগের ও গলাকাটা। মরদেহে কিছুটা পচন ধরায় নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, বলেন ওসি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 11:42 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার একটি বাসা থেকে পঞ্চাশোর্ধ এক নারীর রক্তাক্ত লাশ খাটের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যায় সেখানকার কাঠেরপুল এলাকার মজুমদার ভিলার একটি ফ্ল্যাট থেকে মিলন আক্তার (৫৪) নামে ওই নারীর লাশ উদ্ধার করার তথ্য দেয় পুলিশ।

নিহতের বাড়ি বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি ওই ফ্ল্যাটে মায়ের সঙ্গে বসবাস করতেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে সন্ধ্যায় গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ, র‌্যাব ও পিবিআই। ধারণা করা হচ্ছে লাশটি একদিন আগের ও গলাকাটা। মরদেহে কিছুটা পচন ধরায় নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ঘটনাস্থল ঘুরে দেখে কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, বিছানার চাদর দিয়ে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখায় লাশে কিছুটা পচন ধরেছে। যে কারণে শরীরে কোন আঘাত আছে কিনা তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। পুলিশ আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

প্রতিবেশী ও পরিবারের সদস্যরা বলেন, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে রেসকোর্সে মায়ের সঙ্গে থাকতেন তিনি। গত চার থেকে পাঁচ দিন আগে তার মা নোয়াখালীতে চিকিৎসার জন্য যান। এ সময় তিনি একাই বাসায় ছিলেন।

তার তিন মেয়ের মধ্যে একজন ইউরোপের একটি দেশে থাকেন। আরেকজন বিবাহসূত্রে নোয়াখালীতে বসবাস করেন। আরেক মেয়ে রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।

মেয়ে তানজিনা আক্তার বলেন, শুক্রবার সন্ধ্যায় তিনি তার মায়ের সঙ্গে যোগাযোগ করতে ফোন করে পাননি। পরে নিজে বাসায় এসে দরজা খুলে মাকে দেখতে পাননি। পরে খাটের নিচে রক্ত দেখে তিনি চমকে ওঠেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

আগের দিন ফুপুর সঙ্গে কথা হওয়ার তথ্য দিয়ে নিহতের ভাতিজা মো. মাসুদ বলেন, খাটের নিচে লাশটি কীভাবে গেল, এটি নিশ্চয়ই হত্যাকাণ্ড।

ওসি মাহিনুল বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সম্ভাবনা ধরে তদন্ত করা হবে। নিহতের ঘরে ঢুকে দেখা গেছে, আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছু লুটপাট হয়েছে কিনা সেগুলো তদন্তের পর বলা যাবে। 

তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।