ঝালকাঠিতে সাপের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু
মেঝের একটি গর্তে আঙুল দিলে ভেতরে থাকা সাপ শিশুটিকে কামড় দেয়।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সাপের কামড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্ণালি দেবনাথ।
মারা যাওয়া শিশুর নাম নুসরাত আক্তার (৩)। সে ওই গ্রামের ইজিবাইক চালক ইমাম হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যায় ঘরের ভেতরে খেলছিল নুসরাত। এ সময় মেঝের একটি গর্তে আঙুল দিলে ভেতরে থাকা সাপ তাকে কামড় দেয়।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, পরিবারের লোকজন দ্রুত তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্ণালি দেবনাথ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
