উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে রাইফেলসহ ‘আরসা কমান্ডার’ আটক
আটক ব্যক্তি রোহিঙ্গা আশ্রয় শিবিরে সংঘটিত নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে এপিবিএনয়ের ভাষ্য।
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ আরসার এক কমান্ডারকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-ব্লক থেকে তাকে আটক করা হয় বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর।
আটক নুরুল ইসলাম (৪৫) ওই আশ্রয় শিবিরের এ-২ ব্লকের গুলা হোসেনের ছেলে।
আমির জাফর বলেন, ভোরে আশ্রয় শিবিরের এ-ব্লকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশে অবস্থান করছেন, এমন খবরে পেয়ে অভিযান চালায় এপিবিএন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চার থেকে পাঁচজন পালানোর চেষ্টা করেন।
এ সময় ধাওয়া দিয়ে নুরুল ইসলামকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যান বলে জানান তিনি।
পরে নুরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে একটি জি-থ্রি রাইফেল ও ১০টি গুলি উদ্ধারের দাবি করেন আমির জাফর।
তিনি বলেন, “নুরুল ইসলাম মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা আশ্রয় শিবিরে সংঘটিত নানা অপরাধের সঙ্গে জড়িত।”
নুরুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান অতিরিক্ত ডিআইজি আমির জাফর।
