১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে বীজতলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রতিবেশীর নিজ ঘর থেকে বৈদ্যুতিক লাইন টেনে মোটর স্থাপনের সময় লিটন তারে জড়িয়ে যান বলে জানান স্বজনরা।

গোপালগঞ্জে বীজতলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়া থানা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 07:57 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বৈদ্যুতিক মোটর দিয়ে বোরো ধানের বীজতলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের দেওপুরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।

নিহত লিটন বালা (২৪) ওই গ্রামের সুধীর বালার ছেলে।

স্বজনরা জানান, সকালে লিটন বালা প্রতিবেশী আব্দুল কুদ্দুস সিকদারের জমিতে পানি দেওয়ার জন্য নিজ ঘর থেকে বৈদ্যুতিক লাইন টেনে মোটর স্থাপন করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে ছিটকে পানিতে পড়ে যান তিনি।

প্রতিবেশী দীপালি বালা (৫৫) বলেন, “ঘটনার সময় মাঠের দিকে তাকিয়ে দেখতে পাই লিটন পানিতে পড়ে গেছে। চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে লিটনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জানতে পারি লিটন মারা গেছেন।”

ওসি হাফিজুর রহমান বলেন, হাসাপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিটনের পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।