Published : 26 Jan 2026, 04:38 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কারখানায় পৌরসভার ময়লার গাড়িচাপায় এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার আনসার রোড সংলগ্ন নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানা চত্বরে এ ঘটনা ঘটে শ্রীপুর থানার এসআই আব্দুল কুদ্দুস।
নিহত জসিম আহম্মেদ (৪৪) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের চাইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, একটি ময়লার গাড়ি বর্জ্য সংগ্রহের জন্য কারখানার ভেতরে প্রবেশ করছিল। এ সময় গাড়িটি ১ নম্বর গেইটের উত্তর পাশে দায়িত্ব পালনরত জসিমকে ধাক্কা দেয়। এতে জসিম পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে জানতে ওই কারখানার প্রশাসন বিভাগের ব্যবস্থাপক ইকবাল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এসআই আব্দুল কুদ্দুস বলেন, দুর্ঘটনার পরপর পৌরসভার ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।