জয়পুরহাটে সরকারি গাছ কাটায় ৩ জনকে জেল-জরিমানা
এ ছাড়া প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
জয়পুরহাটের পাঁচবিবিতে সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটার দায়ে তিনজনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
রোববার বিকালে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন এই আদেশ দেন।
দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার রামনগর (আয়মারসুলপুর) গ্রামের প্রয়াত শফির উদ্দিনের ছেলে মো. আলম (৫০), ছোটমানিক গ্রামের প্রয়াত নবীন উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৫২) এবং রামনগর গ্রামের হবিবরের ছেলে আব্দুল মতিন (৩২)।
জানা গেছে, উপজেলার কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় সড়কের পাশের গাছ অবৈধভাবে কাটার খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় সরকারি গাছ অবৈধভাবে কাটার অপরাধে তাদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
