১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নারী থাকার সন্দেহে’ রাবির হলে তল্লাশি: ৩ জনের আবাসিকতা স্থগিত

ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে হল প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 02:09 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের একটি কক্ষে ‘নারী থাকার সন্দেহে’ তল্লাশি চালানোর ঘটনায় তিনজনের আবাসিকতা স্থগিত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে হল প্রশাসন।

রোববার ভোরে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আবাসিকতা স্থগিত হওয়া তিন শিক্ষার্থী হলেন- শহীদ জিয়াউর রহমান হল সংসদের এজিএস হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইসরাফিল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাকিব জুবায়ের ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফোরকান হাফিজ জীম।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ইসলামী ছাত্রশিবির সমর্থিত হল সংসদের এজিএস ইসরাফিল হোসাইনের নেতৃত্বে শহীদ জিয়াউর রহমান হলের একটি কক্ষে ‘নারী থাকার সন্দেহে’ জোর করে তল্লাশি চালানো হয়। সেখানে কাউকে না পেয়ে তারা সেখান থেকে চলে যান।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে বিচার দাবি করেন ওই কক্ষের ভুক্তভোগী শিক্ষার্থীরা।

এ নিয়ে শনিবার সন্ধ্যায় হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমানের কার্যালয়ে সভা হয়। সেখানে হল সংসদের নেতাদের সঙ্গে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

পরে এজিএস ইসরাফিল হোসাইনসহ কয়েকজন অনুপস্থিত থাকায় সভাটি স্থগিত করা হয় এবং রাত ১১টায় আবার শুরু হয়।

এ সময় হল প্রাধ্যক্ষের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান উপস্থিত ছিলেন। টানা কয়েক ঘণ্টার আলোচনা শেষে ওই তিনজনের আবাসিকতা সাময়িকভাবে স্থগিত করে হল প্রশাসন।

'নারী থাকার সন্দেহেভোররাতে রাবির হলে তল্লাশি

আবাসিকতা স্থগিত হওয়ার ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার আনুমানিক ভোর ৫টায় শহীদ জিয়াউর রহমান হলের ১২১ নম্বর কক্ষে নারী প্রবেশের অভিযোগটি প্রাথমিকভাবে অসত্য ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়েছে।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শিক্ষার্থীর আবাসিকতা সাময়িকভাবে বাতিল করা হল এবং হলের ভিপি মোজাম্মেল হকের আবাসিকতা কেন বাতিল করা হবে না, এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

এ ছাড়াও এ ঘটনা অধিকতর তদন্তের জন্য একটি কমিটি গঠনের কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।