১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে বিক্ষোভ, পরে লাশ উদ্ধার

তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ধর্ষণের আভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

সিলেটে চা বাগান এলাকায় গভীর রাতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে সন্দেহভাজন তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানা ওসি মো. তোফায়েল আহমদ।  

নিহত ইমাম উদ্দিন (৩৮) উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।

স্থানীয়রা বলছে, রাত ৩টার দিকে ইমাম উদ্দিনকে চোর সন্দেহে আটক করে চা বাগান কর্তৃপক্ষ। পরে তাকে কয়েকজন মিলে তার উপর নির্যাতন চালায়। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা চা বাগানের ফটক ঘেরাও করে বিক্ষোভ শুরু করে।

এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভের মুখে আক্কেল প্রধান, নিরঞ্জন গোয়ালা ও লিটন নামে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। এরপর বিক্ষুব্ধ জনতা ঘেরাও তুলে নেন।

ওসি বলেন, “সকালে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হবে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’’

ইমাম উদ্দিনের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ধর্ষণের আভিযোগে রয়েছে বলে জানান তিনি।