১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দিনাজপুরে একই রশিতে ঝুলন্ত মা ও শিশুর মরদেহ উদ্ধার

তাদের ঘরে একটি চিঠি পাওয়া গেলেও হাতের লেখা নিয়ে নিশ্চিত নয় পুলিশ।

দিনাজপুরে একই রশিতে ঝুলন্ত মা ও শিশুর মরদেহ উদ্ধার
দিনাজপুরের খানসামা থানা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 12:00 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

দিনাজপুরের খানসামা উপজেলায় একই রশিতে গলায় ফাঁস দেওয়া মা ও ছয় বছর বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

তাদের ঘরে একটি চিঠি পাওয়া গেলেও হাতের লেখা নিয়ে নিশ্চিত নয় পুলিশ। 

বুধবার রাত ১০টায় খানসামার আরাজী যুগিরঘোপা গ্রামের রেনুপাড়া এলাকার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খানসামা থানার ওসি নজমুল হক। 

মারা যাওয়া সুজাতা রায় (২৪) ও নীলাদ্রি রায় (৬) ওই এলাকার ভক্ত রায়ের স্ত্রী ও মেয়ে। ভক্ত রায় পেশায় দর্জি।

সুজাতার চাচা সত্যম্বর রায় বলেন- পারিবারিক প্রস্তাবে ২০১৮ সালে ভক্ত রায়ের সঙ্গে সুজাতার বিয়ে হয়। বিয়ের পরও সুজাতা লেখাপড়া ছাড়েননি। তিনি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

পরিবারের বরাত দিয়ে ওসি নজমুল হক বলেন, বুধবার সন্ধ্যার পর পরিবারের অন্য সদস্যরা নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত রশিতে তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। 

পরে পুলিশ রাতেই সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। 

ওসি আরও জানান- মৃতের শয়ন কক্ষ থেকে দুই পৃষ্ঠার একটি চিঠি পাওয়া গেছে। যেখানে তাদের মৃত্যুতে কেউ দায়ী নয় বলে লেখা আছে। তবে এটি মৃতের হাতের লেখা কিনা সেটি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। 

এদিকে মৃতের বাবার পরিবার দাবি করছে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এছাড়া ঘটনার পর থেকে রাত পর্যন্ত তার স্বামী ভক্ত রায়ের কোনো খোঁজ মেলিনি বলে জানান ওসি। 

তিনি আরও জানান, বৃস্পতিবার সকালে মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।