১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজনীতি ও সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই: উপদেষ্টা

কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ইমাম-খতিব সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 07:31 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

রাজনীতি ও সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করার কথা বলেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেছেন, “আমরা রাজনীতি ও সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই। আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের কূটনীতি, আমাদের বিশ্লেষণ- সব জায়গায় আমরা একটা ধর্মীয় আবেগ ও ধর্মীয় ভাবমূর্তি জাগ্রত করতে চাই। ধর্ম বাদ দিলে আমরা যে কোনো সময় বিপদে পড়তে পারি।”

শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে রোববার দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ধর্ম উপদেষ্টা আরও বলেন, “আল্লামা ইকবাল বলে গেছেন, গণতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, ধর্ম থেকে রাজনীতি যদি আলাদা হয়, ধর্ম থেকে সমাজ ব্যবস্থা যদি আলাদা হয় এবং ধর্ম থেকে বিশ্লেষণ যদি আলাদা হয় তাহলে চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করবে।”

এ সময় ধর্ম উপদেষ্টা ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদেরকে জাতীয় পে-স্কেলের আওতায় সম্মানজনক বেতন ভাতা, উৎসব ভাতা দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। 

তিনি ইমামদের উদ্দেশে বলেন, “আপনারা মিম্বারে দাঁড়িয়ে অন্যায়-অপরাধের বিরুদ্ধে বলবেন। কেউ যদি কিছু বলে তাহলে সরকারসহ সবাই আপনাদের সহযোগিতা করবে।”

সম্মেলনে বক্তব্য দেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশেকুর রহমান, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, এবি পার্টির কুমিল্লার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক।