Published : 13 May 2026, 07:56 PM
পাবনার ঈশ্বরদী উপজেলার একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অজ্ঞাত রাসায়নিকের বোতল ভেঙে ছড়িয়ে পড়া গন্ধ ও আতঙ্কে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অ্যাম্বুলেন্স ও অটোরিকশায় করে অসুস্থ অন্তত ৬০ ছাত্রীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান।
শিক্ষার্থীরা জানায়, ষষ্ঠ শ্রেণির কক্ষে কে বা কারা একটি রাসায়নিকের (কীটনাশক বা পিঁপড়া মারার বিষ) বোতল রেখে যায়। কোনোভাবে বোতলটি ভেঙে গেলে সেখান থেকে তীব্র গন্ধ ছড়ায়। এতে প্রথমে ওই কক্ষের দুই ছাত্রী শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে পড়ে।

মুহূর্তের মধ্যে গন্ধ পুরো স্কুলে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে চরম অস্থিরতা ও আতঙ্ক দেখা দেয়। এরপর একে একে অন্য শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলতে শুরু করলে বিদ্যালয় কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক কাবেরী শাহ বলেন, “আমরা সবাইকে প্রাথমিক চিকিৎসা ও স্যালাইন দিয়েছি। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত এবং অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।”
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব।
সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, “এটি মূলত একটি দুর্ঘটনা। বিষের প্রতিক্রিয়ায় কয়েকজন অসুস্থ হলেও বাকিরা আতঙ্কিত হয়ে পড়েছিল। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসনা রাণী বলেন, “বিষাক্ত গন্ধের কারণে অক্সিজেনের স্বল্পতা তৈরি হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে ঠিক কীভাবে বা কারা এ বিষের বোতল শ্রেণিকক্ষে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
ওসি আসাদুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে।