ঝালকাঠিতে ‘ঋণের চাপে’ চা দোকানির ‘আত্মহত্যা’
মিলনের ওপর প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ঋণের বোঝা ছিল বলে তার চাচাত ভাই জানিয়েছেন।
ঝালকাঠির নলছিটি উপজেলায় ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে তার ভাই জানিয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি আরিফুল আলম জানিয়েছেন।
নিহত ৩৫ বছর বয়সী মিলন হাওলাদার ওই এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে।
দুই ছেলের জনক মিলন পেশায় চায়ের দোকানি ছিলেন।
নিহতের চাচাত ভাই আবু তাহের হাওলাদার বলেন, “মিলনের স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ছিলেন। এ সময় বাড়িতে একা থাকা অবস্থায় তিনি রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
মিলনের ওপর প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ঋণের বোঝা ছিল জানিয়ে তিনি বলেন, “এ কারণে হয়তো তিনি আত্মহত্যা করেছেন।”
লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি আরিফুল আলম জানিয়েছেন।
