১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলন: ৩৫ ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মুহুরী নদীতে অভিযান চালিয়েছে বিজিবি ও টাস্কফোর্স।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2024, 07:10 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিজিবি ও টাস্কফোর্স।

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে ৩৫টি ড্রেজার মেশিন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় বলে জানান বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজিবি জানায়, উপজেলার মজুমদারহাট (বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৫৯/৪৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) বাউরখুমায় মহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

তবে অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সীমান্তবর্তী বিলোনিয়া সংলগ্ন মুহুরী নদীর বাউরখুমা ও কাউতলী মৌজার এক কিলোমিটার অংশে বালু উত্তোলন করা ৩৫টি ড্রেজার মেশিন এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করে টাস্কফোর্স।

অভিযানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার (সহকারী পরিচালক) মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এবং পরশুরাম মডেল থানার ওসি নুরুল হাকিম উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা বালু তোলার সঙ্গে জড়িত। তবে তাদের দাবি, ২০২৫ সালের ২৫ এপ্রিল পর্যন্ত ইজারা নেওয়া বাউরখুমা অংশ থেকে বালু তোলার অনুমতি রয়েছে।

এদিকে ৪ নভেম্বর ফেনী জেলা প্রশাসক স্বাক্ষরিত এক চিঠিতে জেলায় চুক্তিভিত্তিক তিনটি বালু মহালের ইজারা কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। এর মধ্যে মুহুরী নদীর বালু মহালের প্রথম অংশ (বাউরখুমা) রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

এ ছাড়া সীমান্তবর্তী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে স্থানীয়দের ক্ষয়ক্ষতি রোধে জড়িতদের বিরুদ্ধে ফেনী ব্যাটালিয়নের অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।