চিকিৎসা নিতে হাসপাতালে এল আহত হনুমান
কেউ ধারালো অস্ত্র দিয়ে হনুমানটির পেছনের অংশে আঘাত করেছে। এরপর থেকেই এটি বিভিন্ন জায়গায় ঘুরছিল।
যশোরের ঝিকরগাছা উপজেলায় একটি আহত হনুমান চিকিৎসা নিতে হাসপাতালে এসেছে।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আখতার।
তিনি বলেন, হনুমানটি প্রথমে হাসপাতালের চিকিৎসা কক্ষে গিয়ে একটি টেবিলে বসে। পরে সেখান থেকে ফার্মেসি কক্ষে ঢুকে কিছু ওষুধের বোতল খুলে গন্ধ নেয়। পরে তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলে হনুমানটি শান্তভাবে বসে থাকে। তার শরীরের ক্ষতস্থান ভায়োডিন দিয়ে পরিষ্কার করা হয়।
মাসুমা আখতার বলেন, ধারণা করা হচ্ছে, সম্প্রতি কেউ ধারালো অস্ত্র দিয়ে হনুমানটির পেছনের অংশে আঘাত করেছে। এরপর থেকে এটি বিভিন্ন জায়গায় ঘুরছিল।
এর আগে হনুমানটি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায়ও গিয়েছিল বলে জানা গেছে।
