ময়মনসিংহে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩৯ জন হাসপাতালে
গোলপুকুর পাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরাতন গ্যাস সিলিন্ডার কাটার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ময়মনসিংহ নগরীতে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এতে গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন।
সোমবার সন্ধ্যায় নগরীর গোলপুকুর পাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরাতন গ্যাস সিলিন্ডার কাটার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জবায়দুল হক জানান।
তিনি বলেন, ৩৯ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসক বলেছেন, একজনের অবস্থা গুরুতর।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাজ করার সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হয়। তবে, অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।”
“এতে আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। গ্যাসের তীব্র গন্ধে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ে।”
ঘটনাস্থল পরিদর্শন করে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
