Published : 30 Jun 2026, 06:10 PM
বগুড়া শহরে কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখম করার অভিযোগে এক ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, সোমবার বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-বাওয়া বগুড়া শাখার সদস্য মো. এমরান হোসেন সদর থানায় একটি মামলা করেন। এরপর সোমবার মধ্যরাতে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. স্বপন বগুড়া শহরের রহমাননগর এলাকার বাসিন্দা। তাকে বকশিবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কানছগাড়ী এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
মামলার এজাহারে বলা হয়, সোমবার দুপুরে কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে সাদা-কালো রঙের পথকুকুরটি গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়েছিল।
পরে স্থানীয় এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলা এলাকার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে কুকুরটির অস্ত্রোপচারসহ চিকিৎসা দেন চিকিৎসকরা। এতে প্রাণীটির শারীরিক অবস্থার উন্নতি হয়।
মামলায় বলা হয়, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্বপন ধারালো কোনো বস্তু দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পথকুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেন।
ডিবির ওসি ইকবাল বাহার বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।