১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ঝালকাঠিতে ৪ কর্মীসহ ‘অ্যাডভেঞ্চার-৯’ আটক

শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে চারজনকে আটক করে পুলিশ।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 12:57 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ‘অ্যাডভেঞ্চার-৯’ নামের একটি লঞ্চ এবং চার কর্মীকে আটক করেছে ঝালকাঠির পুলিশ। 

শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে চারজনকে আটক করা হয় বলে জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন।  

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ঢাকায় দলের জনসভা থেকে ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চে করে বৃহস্পতিবার রাতে ঝালকাঠি ফিরছিলেন। পথে ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকামুখী ‘এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি’ রাত ২টার হাইমচর এলাকা অতিক্রম করছিল।

নদীতে ঘন কুয়াশা থাকায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় আহতরা সবাই বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। 

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “যেহেতু জানতে পেরেছি, অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি প্রথমে ধাক্কা মেরেছ। তাই এটিকে আটক করা হয়েছে।”

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।