বান্দরবানের চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে জুমচাষি আহত
“স্থানীয়দের ধারণা, ওই এলাকায় ভালুকটির বাচ্চা থাকতে পারে। বাচ্চা থাকা অবস্থায় আশপাশে মানুষ গেলে ভালুক সবসময় রাগান্বিত অবস্থায় থাকে।”
বান্দরবানের রুমা উপজেলায় ভালুকের আক্রমণে এক জুমচাষি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে গালেংঙ্গ্যা ইউনিয়নের রুইফ পাড়ার চিম্বুক পাহাড় এলাকায় জুমের বাগানে কলারছড়ি কাটার সময় এ ঘটনা ঘটে বলে জানান গালেংঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো।
আহত কাইং প্রে ম্রো (৩৪) ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রুইফ পাড়ার বাসিন্দা রুইচ্যং ম্রোর ছেলে।
ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, কাইং প্রে শুক্রবার দুপুরে নিজের পাহাড়ি জুমে কলারছড়ি কাটতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ করে জঙ্গল থেকে একটি ভালুক বের হয়ে এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
ভালুকের আক্রমণে তার চোখ ও মুখে গুরুতর আঘাত লেগেছে। চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাইং প্রেকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।
“স্থানীয়দের ধারণা, ওই এলাকায় ভালুকটির বাচ্চা থাকতে পারে। বাচ্চা থাকা অবস্থায় আশপাশে মানুষ গেলে ভালুক সবসময় রাগান্বিত অবস্থায় থাকে।”
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দিলীপ চৌধুরী বলেন, “চিম্বুক এলাকা থেকে ভালুকের আক্রমণের শিকার একজন জুমচাষিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আঘাত গুরুতর হওয়ার কারণে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
