Published : 18 Mar 2026, 12:03 PM
আসন্ন রোজার ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের যাতায়াত অনেকটাই স্বস্তিদায়ক হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।
তিনি বলেছেন, “যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার যে উদ্যোগ নিয়েছিল, তা বাস্তবে প্রতিফলিত হয়েছে। ঢাকা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কে কোথাও উল্লেখযোগ্য যানজটের সৃষ্টি হয়নি।”
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী রাজিব আরও বলেন, “ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। এর ফলে সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বড় ধরনের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি।
ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বিষয়টি তদারকিতে রাখা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতও সক্রিয় রয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফ রেজওয়ান ও ফোজিয়া রহমান, বিবিএর নির্বাহী প্রকৌশলী রিয়াজ উদ্দিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।