১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টর্চ জ্বালিয়ে হর্ন দিতে দিতে ১০ কিলোমিটার চলল ট্রেন

সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের হেড লাইট নষ্ট হয়ে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানায় রেলওয়ে বিভাগ।

টর্চ জ্বালিয়ে হর্ন দিতে দিতে ১০ কিলোমিটার চলল ট্রেন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 04:26 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

মাঝ পথে হেডলাইট বিকল। তাই টর্চ লাইটের আলো জ্বালিয়ে টানা হর্ন বাজিয়ে চলল ট্রেন। রুদ্ধশ্বাস এ যাত্রা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর থেকে আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত।

বৃহস্পতিবার রাতে সিলেট-আখাউড়া রেলপথে এ ঘটনা ঘটে বলে জানান আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের লোকোশেড ইনচার্জ ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (এসএসএই) মো. নজরুল ইসলাম।

সিলেট থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের লোকোমোটিভের (ইঞ্জিন) হেড লাইট নষ্ট হয়ে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পরে নতুন লোকোমোটিভ লাগিয়ে ট্রেনটি চালানো হয়। এতে ট্রেনটি দুই ঘণ্টার বেশি বিলম্ব হয়।

রেলওয়ে বিভাগ জানিয়েছে, রাত ৮টার দিকে ট্রেনটি মুকুন্দপুর স্টেশন আসার পর হেড লাইট নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টা করেও লাইট ঠিক করা সম্ভব হয়নি। পরে হেড লাইট ছাড়াই ট্রেনটি আজমপুর স্টেশন পর্যন্ত নেওয়া হয়। এ সময় টর্চ লাইটের আলো জ্বালিয়ে ও হর্ন বাজিয়ে ধীরে ধীরে ট্রেনটি প্রায় ১০ কিলোমিটার পথ চলে।

আজমপুর স্টেশনে থাকা স্থানীয় যুবক ক্যান্টন হোসেন বলেন, “তখন বৃষ্টি হচ্ছিল। পারাবত ট্রেনটির লোকোমোটিভে একজনকে দাঁড়িয়ে টর্চ লাইট হাতে দেখা যায়। এ ছাড়া প্রতি সেকেন্ডে সেকেন্ডে ট্রেনটি হর্ন বাজাচ্ছিল।”

প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, পারাবত এক্সপ্রেসের হেড লাইট নষ্ট হয়ে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আখাউড়া থেকে নতুন লোকোমোটিভ পাঠিয়ে ট্রেনটি চালু করা হয়।