১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে আলাদা দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

সিরাজদিখানে বাসের সুপারভাইজার এবং শ্রীনগরে মোটরসাইকেল দুই আরোহী প্রাণ হারান।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 10:12 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার সকালে সিরাজদিখান উপজেলার নিমতলিতে বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন এবং সন্ধ্যায় শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী নিহত হন।

নিহতদের মধ্যে সোহেল রানা (৪৫) ও মতিউর রহমান (৫০) মোটরসাইকেল আরোহী ছিলেন। অপর নিহত তারেক (৪৫) পূর্বাশা পরিবহনের বাসের সুপারভাইজার ছিলেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সন্ধ্যায় বরিশাল থেকে ঢাকামুখী সৌরভী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। 

এতে মোটরসাইকেলটির সামনের অংশ বাসের ভেতরে ঢুকে চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সোহেল রানা নিহত হন। অপর আরোহী মতিউর রহমান গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মতিউরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে তিনিও মারা যান। এ ঘটনায় প্রায় আধাঘণ্টা ঢাকামুখী পথে যান চলাচল বন্ধ ছিল।

হাসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ বাস ও দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঘটনার পরপর বাস চালক পালিয়ে যান।

অপরদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলিতে বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে বাসের সুপারভাইজার নিহত হন। আহত হন অন্তত ১৫ যাত্রী। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, সকালে ঢাকামুখী পথে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে পেছন থেকে চুয়াডাঙ্গা থেকে আসা পূর্বাশা পরিবহনের বাসটি ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর সড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। পরে দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।