১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মিয়ানমারে ব্যাপক গোলাগুলি, অনুপ্রবেশকারী ৫২ রোহিঙ্গা আটক

আটকদের দাবি, মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও ও নবী হোসেন গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হচ্ছে।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 09:44 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ৫২ রোহিঙ্গা ও এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। 

কয়েক দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এই ঘটনায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

আটকদের দাবি, মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও ও নবী হোসেন গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হচ্ছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়।

রোববার সকাল ও দুপুরে উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান। 

তিনি বলেন, আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।  

আটক নুর মোহাম্মদ বলেন, রাখাইন সীমান্তে আরাকান আর্মির সঙ্গে কয়েকদিন ধরে সংঘাত হচ্ছে। সেখানে যুদ্ধে টিকতে না পেরে নাফ নদী পাড়ি দিয়ে প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে ঢুকে পড়েন। আরাকান আর্মি সংঘর্ষে ড্রোন হামলা ও ভারী গোলাবর্ষণ করছে।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ৫৩ জনের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তীতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।