Published : 26 Aug 2026, 05:29 PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গবাদী পশুর ঘাস কাঁটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির।
নিহতরা হলেন- ওই গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭৫) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।
দম্পতির স্বজন নব কুমার দাস বলেন, সকালে অমরেন্দ্র নাথ গোয়াল ঘরে মেশিনে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় মেশিন বিদ্যুতায়িত হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাকে বাঁচাতে মিনা ভৌমিক এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
ওসি হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ বাড়ি নিয়ে গেছেন স্বজনরা।