১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিল্প দূষণ থেকে বিলকে রক্ষা করতে হবে: পরিবেশ উপদেষ্টা

জনগণের মতামতের ভিত্তিতে বিল ও জলাশয় সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন সৈয়দা রিজওয়ানা হাসান।

শিল্প দূষণ থেকে বিলকে রক্ষা করতে হবে: পরিবেশ উপদেষ্টা
গাজীপুরে কাপাসিয়ার নলগাঁওয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 10:21 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

শিল্প-কারখানার দূষণ থেকে বিলকে রক্ষা করার কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, “বিল ভরাট করা যাবে না। কৃষিজমি ভরাট হলে জনগণের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। একইসঙ্গে শিল্প দূষণ থেকে বিলকে রক্ষা করতে হবে।”

শনিবার বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাতুরিয়া বিল পরিদর্শনে যাওয়ার আগে নলগাঁওয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, “প্রাকৃতিক জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষা এখন সময়ের দাবি। স্থানীয় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া এসব সম্পদ সংরক্ষণ সম্ভব নয়। এ লক্ষে গণশুনানির আয়োজন করা হবে। জনগণের মতামতের ভিত্তিতে বিল ও জলাশয় সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি বলেন, কাতুরিয়া বিল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার নয়, এটি স্থানীয় জনগণের জীবিকা, খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্যের জন্য অপরিসীম গুরুত্বপূর্ণ। 

এই জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে সরকার, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যাবশ্যক বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা।

এ সময় গাজীপুর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় পরিবেশবিষয়ক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিকালে ‘বেলাই বিল’ পরিদর্শন করে এর জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।