Published : 06 Sep 2026, 06:38 PM
মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ের বাইরে দুটি টাইম বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে গাংনী বাজারে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাংনী থানার ওসি তদন্ত শিমুল কুমার দাস বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত আলামত উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বিএনপি কার্যালয়ে দলীয় কর্মসূচি চলছিল। বিকট শব্দে মুহূর্তের মধ্যে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার দুটি খোসা, ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাটারি উদ্ধার করেছে।
গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি থাকায় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে কার্যালয়ের কাছের একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে দুটি টাইম বোমা বিস্ফোরিত হয়।
“এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।”
বিএনপির কর্মসূচি বানচাল করতেই কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণস্থলের পাশের গাছের মধ্যে বোমা দুটি রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, “বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে দুটি টাইম বোমা বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থলে গিয়ে বোমার দুটি খোসা, ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাটারি পড়ে থাকতে দেখা যায়।”
দলের কর্মসূচি বানচালের উদ্দেশ্যে কোনো অশুভ শক্তি এ ঘটনা ঘটিয়েছে দাবি করে তিনি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, “কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”