Published : 09 Aug 2026, 06:57 PM
পিরোজপুরের ভান্ডারিয়ায় নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে হরিণপালা এলাকার একটি বেড়িবাঁধের ঢাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগনুল হাসান জানান।
নিহত মো. ইসমাইল শরীফ (৬৫) ভান্ডারিয়ার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিণপালা গ্রামের মোহাম্মদ শরীফের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, শনিবার বিকালে ৫টার দিকে আর্থিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে তুষখালী বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। রাতে বাড়িতে না ফেরায় তার স্ত্রী মোসা. শেফালী বেগম তেলিখালী পুলিশ ফাঁড়িতে ফোন করে বিষয়টি জানান। রোববার সকালে হরিণপালা এলাকার বেড়িবাঁধের ঢালে ইসমাইল শরীফের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
স্থানীয়দের দাবি, ইসমাইল শরীফ এলাকায় সুদের ব্যবসা করতেন।
ওসি দেওয়ান জগনুল হাসান বলেন, মরদেহ উদ্ধার করে আপাতত থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।