১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে চা শ্রমিক নিহত

সীমান্তবর্তী এলাকায় নিজেদের জমিতে গরু চরানোর সময় ওই যুবক গুলিবিদ্ধ হন বলে জানায় পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 08:37 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক চা শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুলাউড়া থানা ওসি ওমর ফারুক মণ্ডল। 

নিহত সুখীরাম উরাং (২৫) উপজেলার মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার দাসনু উরাংয়ের ছেলে।

ওসি ওমর ফারুক বলেন, দুপুরে সুখীরাম সীমান্তবর্তী ১৮৪৪ নম্বর পিলারের পাশে তাদের জমিতে গরু চরাতে যান। দেড়টার দিকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। ভয়ে তিনি সীমান্ত এলাকা থেকে দৌড়ে গ্রামের দিকে আসতে থাকেন। 

এ সময় বিএসএফের ছোঁড়া একটি বুলেট সুখীরামের পিঠে বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুখীরামের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি ওমর ফারুক।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এস এস এন মাহফুজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পর সুখীরামকে মৃত অবস্থায় পেয়েছেন তারা। তার পিঠের এক পাশে গুলির বড় গর্ত পাওয়া গেছে।

সুখীরামের কাকা মাকন উড়াং বলেন, তার ভাতিজা খুবই ভালো ছেলে। দুপুরে সে গরু চরাতে মাঠে গিয়েছিল। এ সময় ভারতের ওপার থেকে গুলি শুরু হয়। এর মধ্যে একটি গুলি সুখীরামের শরীরে লাগে।

এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ায় যুবক সীমান্তের শূন্য রেখায় গিয়েছিলেন। সন্ধ্যায় বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক করে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার ব্যাটালিয়ন পর্যায়ে একটি বৈঠক হবে।