Published : 15 May 2026, 04:00 PM
রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
তিনি বলেছেন, “শিক্ষানগরী রাজশাহীকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। পরিচ্ছন্নতা, নাগরিক সুবিধা ও শান্তিপূর্ণ পরিবেশের কারণে এ নগরী দেশের অন্যতম বাসযোগ্য শহরে পরিণত হয়েছে।”
শুক্রবার দুপুরে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-আইএসপিএবি আয়োজিত রাজশাহী বিভাগে স্থাপিত ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ’ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
অনেক আগে থেকেই রাজশাহীকে পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় জানিয়ে মন্ত্রী বলেন, “নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতিদিন সন্ধ্যা থেকে রাতের মধ্যে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
“ফলে মানুষ বুঝতেই পারে না কখন শহর পরিষ্কার হয়ে যায়। এ ছাড়া নগরীর পানির লাইনসহ বিভিন্ন অবকাঠামো পরিকল্পনার আওতায় নির্মাণ করা হয়েছে।”
রাজশাহীর মানুষকে ভদ্র, নম্র ও শান্তিপ্রিয় দাবি করে মিনু বলেন, “এ নগরে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে। মাঝে মধ্যে বিচ্ছিন্ন কিছু অপরাধ সংঘটিত হলেও অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসে।
“দেশের মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে”, বলে যোগ করেন তিনি।
আইএসপিএবির রাজশাহী অঞ্চলের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে মাহফুজুর রহমান রিটন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহসভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বক্তব্য দেন।
অনুষ্ঠানে আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া এবং জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রাজশাহী বিভাগে নিক্স স্থাপনের ফলে এ অঞ্চলে ইন্টারনেট সেবার মান, গতি ও স্থিতিশীলতা আরও বাড়বে। স্থানীয়ভাবে ডাটা আদান-প্রদান সহজ হওয়ার পাশাপাশি কমবে লেটেন্সি। এতে ব্যবহারকারীরা আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবেন।