নিখোঁজের তিন দিন পর নাফ নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
নাফ নদীতে থেকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা নৌ-পুলিশের স্টেশনে এসে পোশাক দেখে নিহতের পরিচয় শনাক্ত করেন।
কক্সবাজারের টেকনাফে নিখোঁজের তিনদিন পর নাফ নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জেটিঘাট সংলগ্ন নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান নৌ-পুলিশ টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস।
নিহত মোহাম্মদ ইউনুস (৩৫) দমদমিয়া এলাকার নুরুল আমিনের ছেলে।
তপন কুমার বিশ্বাস বলেন, সন্ধ্যায় নদীতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
“নিহত যুবকের পরনে হাফ প্যান্ট ও হাফ হাতা গেঞ্জি রয়েছে। লাশটি পঁচে শরীরের বিভিন্ন স্থানে চামড়া খসে গেছে। এতে চেহারা বিকৃত হয়ে যায়। “
স্বজনদের বরাতে নৌ-পুলিশের এ পরিদর্শক বলেন, বুধবার বিকালে মোহাম্মদ ইউনুস বাড়ি থেকে বের হন। ওইদিন রাতেও বাড়ি না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও সন্ধান পাননি। পরে স্বজনরা বিষয়টি লিখিতভাবে টেকনাফ থানায় অবহিত করেন।
“এদিকে বুধবার সন্ধ্যায় নাফ নদীতে থেকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা নৌ-পুলিশের স্টেশনে আসেন। পরে তারা নিহতের পোশাক দেখে তার পরিচয় শনাক্ত করেছেন।“
তপন কুমার বিশ্বাস জানান, যুবকের মৃত্যুর কারণ কী বা হত্যা হলে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। এ বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
