পঞ্চগড়ে ক্ষেতে মরিচ তুলতে গিয়ে সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু
বর্ষা মৌসুমে ঝোপঝাড় ও ফসলি জমিতে চলাচলের সময় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সচেতন মহল।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ক্ষেতে মরিচ তোলার সময় সাপের ছোবলে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দর্জিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন একই ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন।
নিহত সালেহা খাতুন (৪০) ওই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
ইউপি সদস্য হারুন বলেন, সকালে সালেহা বাড়ির পাশে ক্ষেতে মরিচ তুলতে যান। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। চিৎকার শুনে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়ার পথেই সালেহার মৃত্যু হয় বলে জানান তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বর্ষা মৌসুমে ঝোপঝাড় ও ফসলি জমিতে চলাচলের সময় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সচেতন মহল।
