১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হলেও আহত হেফজুল এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।

রাজশাহীতে কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
সাপ মেরে সঙ্গে করে হাসপাতালে নিয়ে আসেন কৃষক হেফজুল ইসলাম।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 01:45 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

রাজশাহীর চারঘাট উপজেলায় রাসেলস ভাইপারের কামড় খাওয়ার পর সাপটি মেরে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন এক কৃষক। 

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পিরোজপুর এলাকার একটি ধানক্ষেতে সাপটির দংশনের শিকার হন বলে জানিয়েছেন কৃষক হেফজুল ইসলাম।

তবে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হলেও আহত হেফজুল এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।

কৃষক হেফজুল জানান, প্রতিদিনের মত সকালে তিনি নিজের জমিতে কৃষকদের সঙ্গে ধান কাটছিলেন, এ সময় কৃষকেরা সাপ সাপ বলে চিৎকার শুরু করে। 

“তখন এগিয়ে গিয়ে মারতে গেলে সাপটি আমার মুখে কামড় দেয়। পরে আমি সাপটিকে মেরে বস্তাবন্দি করে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হই। 

“পরে তারা আমাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এখানে আসার পর ডাক্তাররা আমার চিকিৎসা শুরু করেন।”

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ফাহিমা সুলতানা জানান, হাসপাতালে আসার পর দ্রুত আহত হেফজুলকে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। 

“তবে তিনি এখনও বিপদমুক্ত নয়। দুই ঘণ্টা পরপর তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হবে। “

এদিকে, সাপ মেরে হাসপাতালে কৃষকের চিকিৎসা নিতে আসার খবর ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। হেফজুলকে একনজর দেখতে হাসপাতালে আসেন অনেকে।