১১ ঘণ্টা আন্দোলনের পর রাবিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত
সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১১ ঘণ্টা প্রশাসন ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের পর পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দুই উপ-উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
তিনি বলেন, “দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমি এক শতাংশ পোষ্য কোটারও পক্ষপাতি নই। একটি প্রক্রিয়ার ভেতর দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার সম্পূর্ণ বিলুপ্তি এবং তার জন্য যা যা করণীয় তা করার অঙ্গীকার ব্যক্ত করছি।
“আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা থেকেই এটি কার্যকর হবে। আমি যতদিন আছি এই কোটা পদ্ধতি আর ফিরবে না। এজন্য একবিন্দুও কালক্ষেপণ করা হবে না।”
সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে দুই উপ-উপাচার্য, প্রক্টর, জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ প্রায় ২০০ কর্মকর্তা-কর্মচারীসহ সেখানে আটকা পড়েন।
শিক্ষার্থীদের অন্য দুই দাবি হচ্ছে- ফ্যাসিস্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় আনা এবং ভর্তি পরীক্ষার ফি কমানো।
এ দুটি বিষয় নিয়ে রোববার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার কথা ঘোষণা করেছেন উপাচার্য।
