১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামালপুরে ভিজিএফের ১০২ বস্তা চাল জব্দ

ওই ব্যবসায়ী অবৈধভাবে এসব চাল ক্রয় করে নিজের গুদামে মজুত করে রেখেছিলেন বলে ভাষ্য পুলিশের।

জামালপুরে ভিজিএফের ১০২ বস্তা চাল জব্দ
জামালপুরের সরিষাবাড়ীতে ভিজিএফের ১০২ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 01:48 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কালোবাজারে বিক্রি হওয়া সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি-ভিজিএফের ১০২ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

সোমবার মধ্যরাতে উপজেলার পিংনা ইউনিয়নের বাশুরিয়া মোড়ে এক ব্যবসায়ীর গুদাম থেকে এসব চাল জব্দ করা হয় বলে জানান তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম।

গুদাম মালিকের নাম আলী হোসেন। তিনি ওই ইউনিয়নের বাশুরিয়া গ্রামের প্রয়াত মো. লাল মাহমুদের ছেলে ও বাশুরিয়া বাজারের চাল ব্যবসায়ীর।

স্থানীয়রা জানান, ঈদ উপহার হিসেবে গরিব ও দুঃস্থদের জন্য সরকারিভাবে ১০ কেজি করে বিতরণের জন্য এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। আলী হোসেন এসব চাল অবৈধভাবে কিনে নিজের গুদামে মজুত করে রেখেছিলেন।

এসআই রফিকুল ইসলাম বলেন, গোপন খবর পেয়ে যৌথ বাহিনী ওই গুদামে অভিযান চালায়। তবে অভিযানের খবর পেয়ে গুদাম মালিক আলী হোসেন পালিয়ে যান।

পরে সেখান থেকে জব্দ করা ১০২ বস্তা চাল (প্রতি বস্তা ৫০ কেজি) সরিষাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিলের উপস্থিতিতে রাতেই তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।