১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘জাল জন্মসনদে’ জামিন: গাইবান্ধায় আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

গাইবান্ধা শিশু আদালত-২ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইফতেখার বিন আজিজ গত ৩০ অগাস্ট এ আদেশ দেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 07:01 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

গাইবান্ধায় জাল জন্মসনদ তৈরি করে প্রাপ্তবয়স্ক চার আসামিকে শিশু দেখিয়ে জামিন করানোর অভিযোগে এক আইনজীবী, তার সহকারী ও আদালতের তৎকালীন জিআরওর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।

গাইবান্ধা শিশু আদালত-২ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইফতেখার বিন আজিজ গত ৩০ অগাস্ট এ আদেশ দেন।

যাদের বিরুদ্ধে এই নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন-জেলা বারের আইনজীবী শেফাউল ইসলাম রিপন, তার সহকারী (মহুরী) মো. হাসান আলী এবং গোবিন্দগঞ্জ (চৌকি) আমলি আদালতের

তৎকালীন জিআরও পুলিশ সদস্য আব্দুস সবুর।

শুক্রবার গোবিন্দগঞ্জ আমলি আদালতের বর্তমান জিআরও মো. হকিকুল ইসলাম আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনও থানায় মামলা হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

হাকিমুল বলেন, তিনটি মামলায় প্রাপ্তবয়স্ক চার আসামিকে শিশু দেখিয়ে জামিন করানোর অভিযোগ ওঠে আইনজীবী শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতের নথি গায়েব ও আদেশ কাটাকাটির অভিযোগও ওঠে।

পরে শিশু আদালত বিষয়টি তদন্তের দায়িত্ব দেন গোবিন্দগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালিব হাসানকে। তিনি গত ১৯ অগাস্ট শিশু আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে আইনজীবী শেফাউল ইসলাম রিপনের সনদ বাতিল, তার সহকারী হাসান আলীর নিবন্ধনপত্র বাতিল এবং দায়িত্বে অবহেলার অভিযোগে জিআরও আব্দুস সবুরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এমন ঘটনাকে দেশের বিচার বিভাগের জন্য ‘কালো অধ্যায়’ বলেও পর্যবেক্ষণ দেন তদন্ত কর্মকর্তা।

প্রতিবেদন পাওয়ার পর গত ৩০ অগাস্ট শিশু আদালত-২ এর বিচারক অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করার নির্দেশ দেন। গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারীকে বাদী হয়ে মামলা করতে বলা হয়।

তবে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলছেন, “এ ধরনের কোনো আদেশ এখন পর্যন্ত পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”