Published : 29 Jul 2026, 09:33 PM
মানিকগঞ্জ শহরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
বুধবার দুপুরে শহরের বিভিন্ন এলাকার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. মাসুদ আলী শাহরিয়ার এ জরিমানা করেন বলে জানান সিভিল সার্জন আইভী ফেরদৌস।
অভিযানে নগর ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা, শুশ্রূষা হেলথ কেয়ার সেন্টারকে ৮৫ হাজার টাকা জরিমানাসহ সিলগালা এবং দারুস সালাম ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়।
চিকিৎসক আইভী ফেরদৌস বলেন, লাইসেন্স নবায়ন না থাকা, ক্লিনিকে দায়িত্বরত চিকিৎসক না থাকাসহ প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ বা অনিয়ম পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ ছাড়া জেলার স্বাস্থ্যখাতকে জনবান্ধব করে তুলতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।