১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাবিতে শিক্ষক নিয়োগে ‘অনিয়ম’: কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষার্থীদের

“আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে এই অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনো ফলাফল দেখতে পাইনি।”

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 06:54 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘অনিয়ম করে’ শিক্ষক নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই শিক্ষকের নিয়োগ বাতিল করা না হলে ২ মার্চের পর কঠোর কর্মসূচি শুরুর হুঁশিয়ারিও এসেছে শিক্ষার্থীদের কাছ থেকে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে ‘যোগ্যতা না থাকা’ সত্ত্বেও তাজবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে ওই বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত ২ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনেরও  ঘোষণা দিয়েছে তারা।

পিএমই বিভাগের প্রধান অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, তাজবিউল ইসলাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-শিবপুর থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। সেখানে স্নাতকে তার সিজিপিও ৭.৩৫। কিন্তু স্নাতকের সিজিপিএ ৭.৩৫ বাংলাদেশে প্রচলিত পদ্ধতি সিজিপিএ ৪-এ রূপান্তর করলে তা ৩.২১ হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ চাওয়া হয়েছিল। তাজবিউলের প্রয়োজনীয় যোগ্যতা না থাকলেও তাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় এবং পরবর্তীতে নিয়োগ দেওয়া হয়।

এদিকে নিয়োগের দেড় বছর পর চাকরিতে যোগদানে বিরত রাখায় তাজবিউল চলতি বছরের ২৫ জানুয়ারি হাইকোর্টে রিট করেন। সে রিট খারিজের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আপিল করেছে। আগামী ২ মার্চ সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে এই আপিল আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। ওই দিনের রায়ের ওপর ভিত্তি করেই পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলে জানান তারা।

তাজবিউল ইসলামের নিয়োগ বাতিলের দাবিতে এর আগে গত ৩ ফেব্রুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ ক্লাস পরীক্ষা বর্জন আগামী ২ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানায় তারা।

সংবাদ সম্মেলনে পিমএমই বিভাগের শিক্ষার্থী মুহয়ী শারদ বলেন, “তাজবিউল ইসলাম নিয়োগ বহাল রাখার জন্য হাইকোর্টে রিট করেছেন। নিয়োগপ্রাপ্ত শিক্ষক তাজবিউল ইসলামের সকল কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।”

“আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে এই অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনো ফলাফল দেখতে পাইনি।”

তিনি বলেন, “আগামী সোমবার (২ মার্চ) এ রিটের শুনানি হবে। যদি এ নিয়োগ বাতিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যদি সদিচ্ছার কোনো ঘাটতি দেখি, তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। একই সঙ্গে যদি হাইকোর্ট পর্যন্ত যাওয়া লাগে, আমরা তাও যাব।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম বলেন, “রিট খারিজের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তবে এ বিষয়ে জানতে তাজবিউল ইসলামকে মোবাইল ফোনে একাধিক ফোন দিলেও তিনি ধরেননি।