ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন, বিকল
গফরগাঁও রেলওয়ে স্টেশনের একটি লাইন বন্ধ থাকলে দ্বিতীয় লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে বিকল হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার সকাল ৮টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলম কিবরিয়া।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে আসার পর ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছিলো।
পরে ট্রেন চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।
এতে গফরগাঁও রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইনটি ব্লক হয়ে যায়। তবে দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
এসআই কিবরিয়া আরও বলেন, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে যাবে।
