আড়াইহাজারে ডাকাতি ও ধর্ষণ মামলার আসামিকে পিটিয়ে হত্যা
অটোরিকশা ডাকাতির অভিযোগ উঠলে ক্ষুব্ধ গ্রামবাসী জড়ো হয়ে তাকে পিটুনি দেয়, বলছে পুলিশ।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গ্রামবাসীর পিটুনিতে সাত মামলার আসামির প্রাণ গেছে।
উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী কবরস্থানের পাশে সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. আয়নাল হোসেনের (৪২) বাড়ি প্রভাকরদী গ্রামে। নিজের বাড়ির কাছেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, “আয়নাল আড়াইহাজারে চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে কয়েকদিন আগে গ্রামবাসী মানববন্ধনও করেছিল।
“সোমবার রাতে একটি অটোরিকশা ডাকাতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সে কারণে আগে থেকেই তার ওপর ক্ষুব্ধ গ্রামবাসী জড়ো হয়ে পিটুনি দেয়।”
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “আয়নালের সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। মুখমণ্ডল ও মাথা থেতলে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ হেফাজতে নেয় পুলিশ।”
আয়নালের বিরুদ্ধে ডাকাতি ও দলবদ্ধ ধর্ষণসহ অন্তত সাতটি মামলার তথ্য দিয়ে ওসি বলেন, “নিহতের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। কিন্তু তারা মামলা করতে রাজি নন। তবে পুলিশ এ ঘটনায় আইনি কাজ করছে।”
