নেত্রকোণায় হাতির আক্রমণে তরুণ নিহত
প্রান্ত দৌড় দিলেও হাতি তাকে তাড়া করে ধরে ফেলে এবং বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তরুণ।
নেত্রকোণায় দুর্গাপুরে ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় বন্য হাতির হামলায় এক তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে উপজেলার গারো পাহাড়ের ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুর্গাপুর বন কর্মকর্তা মজনু প্রামাণিক।
নিহত প্রান্ত রাংসা (২১) ভবানীপুর গ্রামের লিপশন নকরেকের ছেলে।
বন কর্মকর্তা মজনু প্রামাণিক বলেন, ভবানীপুর এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় প্রায় সময় সেখানে কৃষকের পাকা ধান খাওয়ার জন্য হাতি নেমে আসে। সেজন্য কৃষকরা রাতে দলবদ্ধ হয়ে হাতি তাড়ানোর জন্য মাঠে অবস্থান নিয়ে থাকেন।
প্রতিদিনের মতো মঙ্গলবারও রাতে কৃষকরা মাঠে অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে রাতে বাড়ি ফেরার সময় পথে একটি হাতির সামনে পড়ে যান প্রান্ত।
“এ সময় প্রান্ত দৌড় দিলে হাতি তাকে তাড়া করে ধরে ফেলে এবং বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তরুণ।”
বন কর্মকর্তা আরও বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারি বিধি মোতাবেক তার পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হবে।
