Published : 01 Jan 2026, 11:55 PM
ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের দগ্ধ হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মাসকান্দা বিসিক নগরীর সামনের সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাইক্রোবাসটি সড়কের পাশে দাঁড় করানো ছিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই গাড়িটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে পেছনে একটি অটোরিকশায় আঘাত হানলে চালকসহ অন্তত ৩ জন দগ্ধ হন।
অটোরিকশার চালক মো. সুমন মিয়া (৩৫) ময়মনসিংহ কোতোয়ালী থানার বেলতলী এলাকার আব্দুল মজিদের ছেলে। বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
সুমন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব বলেন, “বিস্ফোরণের ফলে রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।